আমার দেয়াল

 

আমার দেয়াল


গগাঁ, সেজানে, রোথকো,

পোলক, পিকাসো, ভ্যানগঘ,

কুনিং, গুস্তাভ ক্লিন্ট, ফ্রান্সিস বেকন

হাঁ করে দাঁড়িয়ে বহুক্ষণ

দেখেছি ইউরোপের আর্ট গ্যালারিতে

যতোবার আর্ট গ্যালারিতে গেছি

নিজেকে বড়োই ক্ষুদ্র ফালতু ছোটোলোক বলে

গালমন্দ পেড়েছি বাংলায় ।

আশেপাশে দর্শকেরা ভেবেছি বুঝি বিস্ময়

প্রকাশ করছি, মিলিয়ন মিলিয়ন

ডলারের ছবিদের রহস্য জেনে ।

টাকাকড়ি বাদ দাও —

একরুমের দমবন্ধ ফ্ল্যাটে

আমার তো নিজের দেয়ালও নেই

পাড়ার শিল্পীর দানে পাওয়া

পেইনটিঙ টাঙাবার;

আমার মতোই ছাতাপড়া পাপড়ি-খসা

রাস্তার ডিজেল উড়ে বাসি নোংরা

ঝুলকালি জমিয়ে রেখেছে বুক ভরে

বিল্ডারের ডিসটেমপারে আমার দেয়াল ।


Comments

Popular posts from this blog

মনসান্টো কোম্পানির বীজ

ব্লাড লিরিক